করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে তিন নারীর মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচ ঘণ্টায় তিন নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়।
মৃত নারীরা হলেন- সাতক্ষীরা শহরের রিজিয়া খাতুন (৬২), রিনা বেগম (৪২) ও কলারোয়া উপজেলার জাহেদা খাতুন (৫০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস মন্ডল জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রিজিয়া খাতুন বুধবার সকালে হাসপাতালে আসেন। তাকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়।
বুধবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। রিনা বেগমকে তার স্বজনেরা বুধবার দুপুর একটার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রথমে আইসোলেশনে পরে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান।
কলোরোয়া থেকে জাহেদা খাতুন বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন। রাত একটার দিকে তিনি মারা যান।
তিনি জানান, মৃতরা করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা জানতে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।




