আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনাভাইরাসের হটস্পট এখন রাশিয়া

বিশ্বের অধিকাংশ স্থানে যখন করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমতির দিকে তখন প্রাণঘাতী এই ভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে রাশিয়া। আক্রান্তে স্পেন, যুক্তরাজ্য, ইতালিকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছে বিশ্বের বৃহত্তম দেশটি!
ইতোমধ্যে রাশিয়ায় কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। একই তথ্য করোনাভাইরাস সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে শুরু থেকেই কাজ করা যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের হপকিন্স বিশ্ববিদ্যালয়েরও।
আক্রান্তে রাশিয়ার ওপরে কেবল বিশ্ব ক্ষমতায় তাদের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ১৩ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
আক্রান্তের তালিকায় মঙ্গলবার দ্বিতীয়স্থানে উঠে আসে রাশিয়া। এতদিন এই অবস্থানে ছিল স্পেন। দুই লাখ ২৮ হাজার আক্রান্ত নিয়ে ইউরোপের দেশটির অবস্থান এখন তৃতীয়স্থানে।
চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ২৭ হাজার। এক সময় তৃতীয়স্থানে থাকা ইতালির বর্তমান অবস্থান পঞ্চম, ২ লাখ ২১ হাজার।
তবে আক্রান্তের তুলনায় মৃত্যু অনেক কম রাশিয়ায়। মৃত্যুর সংখ্যা মাত্র ২ হাজার ছাড়িয়েছে। করোনার প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ভুগছে রাজধানী মস্কো।
আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়লেও চলমান লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রাজধানী মস্তোতে লকডাউন চলতি মে মাসের শেষ পর্যন্ত বহাল রাখা হয়েছে।
এদিকে নতুন আক্রান্তদের মধ্যে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৬০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৯১ হাজার। এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button