
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলাকে বিদায় জানালো আলআমিন(৩০) নামের এক ব্যবসায়ী।
ঘটনার বিবরনে জানা যায়, প্রায় এক বছর যাবত আলামিন অনলাইনে অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলে ৮ লাখ টাকা হারিয়েছেন। জুয়া খেলার নেশায় প্রবল আসক্ত হয়ে তার একটি পিকআপ ও একটি টম টম গাড়ী বিক্রি করে দিয়েছেন। আলামিন কটিয়াদী উপজেলার অচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের সুলতান উদ্দিন এর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলামিন একজন কর্মঠ ছেলেছিল। একটি পিকাপ ও টম টম ভাড়া দিয়ে ভালোভাবেই চলছিল তার সংসার। গত এক বছর ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে, সে তার দুটি গাড়ি বিক্রি করে দেয়। বর্তমানে সে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। পরিবারের কাছে কথা দিয়েছে, সে আর কোনদিন জুয়া খেলবে না। তার দেয়া ওয়াদা কে বিশ্বাস করাতে গতকাল সোমবার ১ সেপ্টেম্বর বিকেলে কটিয়াদী বাস স্ট্যান্ডের এক গ্যারেজের সামনে ৬ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া খেলাকে বিদায় জানিয়েছে।
আল-আমিনের সাথে যোগাযোগ করলে, তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে অনলাইনে জুয়া খেলা শিখেছি। তাদের খেলা দেখতে দেখতে আমিও খেলার প্রতি আসক্ত হয়ে পড়ি। প্রতিদিন পিকআপ ও টমটম থেকে আমার
যে আয় হত তা দিয়ে আমার সংসার সুন্দরভাবে চলে যেত। তাছাড়া আমি নিজেও পিকআপ চালাই। বর্তমানে জুয়া খেলে আমি আমার জীবনের সব শেষ করে ফেলেছি। গত এক বছরে ৮ লাখ টাকা জুয়া খেলায় হেরেছি। জমানো টাকা যা ছিল সবই জুয়া খেলায় হেরে অবশেষে দুটো গাড়ি ও বিক্রি করে, জুয়ায় সব শেষ করেছি। আজ আমি তওবা করে বলছি যতদিন বেঁচে থাকব, আর কোনদিন জুয়া খেলব না। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যাতে আর এ খেলায় আর আশক্ত না হই।




