রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামসাইট গ্রামের রম্য কবি শেখ নজরুল ইসলামের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।
জানা গেছে, গত ১৭ এপ্রিল সকালে একই এলাকার সন্ত্রাসী তিন ভাই মুনসুর আলী (৪৫), ইন্নস আলি (৪০), জিন্নত আলী (৩৫) শেখ নজরুল এর উপর হামলা চালায়। তারা দা রড নিয়ে তাকে ইচ্ছে মত কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে ও বাম হাতের একটি আংগুল ভেঙে ফেলে। পরে এলাকাবাসী খবর পেয়ে তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য কটিয়াদী সদর হাসপাতালে ভর্তি করে ।
এব্যাপারে আহত শেখ নজরুল এর মেয়ে তাজমহল আক্তার নেভী, বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু আজো অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।
কটিয়াদী নজরুল একাডেমির সদস্য কবি শেখ নজরুল এর উপর ন্যাক্কারজনক এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাহিত্য সংগঠনগুলো। কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মোহাম্মদ শাহজাহান ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের বিচারের জোর দাবি জানিয়েছেন।




