আশুলিয়া থানায় নতুন করে আরো ১০ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক (দিপু)সহ করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে- এসআই, এএসআই, ওয়ারলেস অপারেটর, পুরুষ ও নারী কনস্টেবল রয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই ওহিদ জানান, গত রবিবার (৩১ মে) ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে (কেপিজে) নমুনা দেয়া হয়েছিল। গতকাল বুধবার ( ০৩ জুন) রিপোর্ট আসলে দেখা যায়, তারমধ্যে একজন এএসআইসহ আরও ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।
এ নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, গত সোমবার (০১ জুন) ও মঙ্গলবার (০২ জুন) আশুলিয়া থানার আরও ২৫ পুলিশ সদস্যের করোনার নমুনা দেয়া হয়েছে। তাদের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত (৩১ মে) রবিবার ৪ নারী পুলিশ সদস্যসহ ৯ জন করেনায় আক্রান্ত হন।
এর আগে (২৯ মে) আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।




