ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনার চিকিৎসা বাড়িতেই

ঐশ্বরিয়া ও আরাধ্যর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এলেও তারা এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থেকেই তাদের চিকিৎসা হওয়ার ইঙ্গিত দিয়ে টুইট করেন অভিষেক বচ্চন।
অভিষেক টুইটে লেখেন,‘ ঐশ্বরিয়া ও আরাধ্য কোভিড টেস্টের রিপোর্ট পজেটিভ। তারা বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। BMC-র তরফে প্রতি মুহূর্তে তাদের যোগাযোগ রাখা হচ্ছে এবং যা করণীয় তার সবটাই করা হচ্ছে। আমার মা ও বাড়ির অন্যান্য সদস্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।’
অভিষেক তার বাবা অমিতাভ বচ্চনের কথা জানিয়ে আরও একটি টুইট করেন। তাতে লেখেন, ‘আমার বাবা আর আমি হাসপাতালে রয়েছি। চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এখানেই থাকবো। প্রত্যেকে সাবধানে থাকুন। আর নিয়ম মেনে চলুন।’
প্রথমে জানা যায়, স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্য করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসার খবর শুনে অভিষেক হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। তবে তিনি বাড়িতেই রয়ে গিয়েছেন নাকি আবারও হাসপাতালে ফিরে গিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। যদিও এ বিষয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এমনকি অভিষেকও টুইটে তার হাসপাতালে থাকার কথাই জানিয়েছেন।
শনিবার রাতে ঐশ্বরিয়া, আরাধ্য, জয়া বচ্চন সহ অন্যান্যদের অ্যান্টিজেন টেস্ট-এর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর মেলে। নানাবতী হাসপাতালের পক্ষ থেকেও জানানো হয় সে কথা। তবে দ্বিতীয়বার পরীক্ষা করলে দেখা যায় ঐশ্বরিয়া ও আরাধ্য দুজনেরই করোনার রিপোর্ট পজিটিভ। বাকিদের নেগেটিভ।




