খেলা

এ যেন অন্য এক মাশরাফি!

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার (১১ জুন) আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ব্রিস্টলে সোমবার (১০ জুন) রাত থেকে টানা বৃষ্টির কারণে আগে থেকেই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তাই হলো।
ব্রিস্টলে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশকে। ফলে ৪ ম্যাচে ১ জয়, ২ হার ও ১ পরিত্যক্ত ম্যাচের কারণে ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে টাইগারদের। এতে চরম হতাশ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচ পরিত্যাক্ত হওয়ার পর দলের বাকি খেলোয়াড়দের ফিরে গেছেনে হোটেলে। কিন্তু তারপরও রীতি মেনে বাংলাদেশ অধিনায়ককে আসতে হলো মিডিয়ার সামনে। অন্যদিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর অনুষ্ঠান হয় মাঠের ভিতর। তবে আজ বৃষ্টিতে সেই কথা বার্তার পর্ব চললো ব্রিস্টলের গ্লুষ্টারশায়ার ক্লাবের ইনডোরে। পাশেই প্রেস কনফারেন্সের জন্য নির্দিষ্ট জায়গা। সেখানে এক অন্য মাশরাফির দেখা মিললো যেন।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনের সাথে ঐ কথোপকথনে অংশ নেবার আগে ব্রিস্টল কাউন্টি ক্লাবের ইনডোরে দাঁড়িয়ে কিছুক্ষণ বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন মাশরাফি।
ঠোঁটের কোণে জমে থাকা সেই সব সময়ের হাসিটা নেই। অন্যদিন চোখে মুখে যে প্রাণোচ্ছলতা থাকে, তাও অনুপস্থিত। চোখে মুখে ব্রিস্টলের হতাশার কালো মেঘ ভর না করলেও মুখটা অন্য সময়ের চেয়ে ভার। সম্ভাব্য জয় হাতছাড়ার পাশাপাশি মাশরাফির মন খারাপের আরও কারণ আছে। আগের তিন ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারা মাশরাফি তেঁতে ছিলেন এ ম্যাচে নিজেকে আবার ফিরে পেতে।
শ্রীলঙ্কার সাথে তার ট্র্যাক রেকর্ড বেশ ভালো। লঙ্কানদের সম্পর্কে তার ধারণাটাও অনেক পরিষ্কার। কে কোথায়, কোন জোনে ভাল খেলেন, কার কি দুর্বলতা, তাও বেশ ভাল জানা। লঙ্কানদের সাথে ছন্দ ফিরে পাওয়ার সম্ভাবনা তাই একটু বেশিই ছিল।
মুখে না বললেও সম্ভাব্য জয় হাতছাড়ার পাশাপাশি এটাও একটা আক্ষেপ মাশরাফির। সব মিলেই হয়ত অন্য যে কোন দিনের চেয়ে একটু চুপচাপ ছিলেন। এক সময় ডাক পড়লো মাইক আথারটনের সাথে টিভিতে কথা বলায়। ধীর পায়ে হেটে খুব নিচু স্বরে কথা বললেন টাইগার ক্যাপ্টেন।
আথারটন প্রশ্ন ছুড়লেন- ‘আচ্ছা মাশরাফি, আপনাদের পরের খেলা তো টনটনে। সেখানে আউটফিল্ড তো খুব ছোট। খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে। সেটা কি একটু চিন্তার কারণ?’
মাশরাফির জবাব, ‘প্রত্যেক দলের জন্য মাঠে এসে খেলতে না পারা অত্যন্ত হতাশাজনক। টনটন খুব ছোট মাঠ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা এখানে সহজ হবে না। তবে আমাদের ভাল খেলা ও জয়ের কোন বিকল্প নেই।’
কথা শেষ করে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সাথে হেঁটে চলে গেলেন টিম বাসের উদ্দেশ্যে। তাকে চলে যেতে দেখে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের কৌতুহলি প্রশ্ন, মাশরাফি কি আজ আর পোস্ট ম্যাচের প্রেস মিটে থাকবেন না? কথা বলবেন না?
উত্তরে মাশরাফি বলেন, ‘নাহ, আজ আর আমি না। প্রেস কনফারেন্সে আসবেন, কথা বলবেন কোচ স্টিভ রোডস।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button