এবার স্পিন পরামর্শক রফিক

তরুণ ক্রিকেটারদের উন্নতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট কার্যক্রম শুরু করেছে। এইচপির স্পিন পরামর্শকের দায়িত্ব পেলেন টাইগারদের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিক।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এই প্রথম বিসিবির কোন কার্যক্রমে ডাক পেলেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট এবং ওয়ানডেতে ১০০টি উইকেট নেয়া এই বা হাতি স্পিনার। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলেও কাজ করলেও বিসিবির প্রোগ্রামে প্রথমবারের মতো ডাক পেলেন রফিক।
বৃহস্পতিবার সকালে মিরপুর স্টেডিয়ামে হাজির জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনার। এর আগে এইচপি ক্যাম্পে পাঁচ দেশি কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি। রফিকের অন্তর্ভুক্তিতে দেশী কোচের সংখ্যা দাঁড়ালো ছয়ে। যদিও এইচপির শুরুতে স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াহিদুল হক গনি। কিন্তু তিনি মূলত লেগ স্পিনার। তাই দেশের তরুণ বাঁহাতি স্পিনারদের গড়ে তুলতেই রফিকের দ্বারস্থ হয়েছে বিসিবি।
এদিকে এইচপিতে রফিকের অন্তর্ভুক্তি সম্পর্কে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ও এইচপির দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘রফিক এইচপিতে স্পিন কনসালটেন্ট (পরার্শক) হিসেবে কাজ করবেন। এইচপিতে আগেই ছিলেন ওয়াহিদুল হক গনি। এখন ওনার সঙ্গে এইচপি ক্যাম্পের শেষ পর্যন্ত থাকবেন রফিক।’




