এবার লাখো কৃষ্ণাঙ্গ ‘হত্যাকারী’ বেলজিয়ান রাজার মূর্তি উচ্ছেদ

এবার কৃষ্ণাঙ্গদের হত্যাকারী হিসেবে পরিচিত ‘কুখ্যাত’ বেলজিয়ান রাজা লিওপোল্ড দ্বিতীয়’র মূর্তি উচ্ছেদ করলো বিক্ষোভকারীরা।
উনিশ শতকের বেলজিয়ামের রাজা লিওপোল্ড দ্বিতীয় এর অধীনে ছিল আফ্রিকার কঙ্গো অঞ্চল। তার আমলে সেখানে দশ লাখেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। যেটি এখন ডিআর কঙ্গোতে পড়েছে।
বিবিসি জানায়, সোমবার বেলজিয়ামের অ্যান্টয়ার্প শহরে এই রাজার একটি মূর্তি উচ্ছেদ করে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা।
কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কাজ করা সংগঠকেরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, রাজা লিওপোল্ড দ্বিতীয়’র এই মূর্তি যাতে অপসারণ করা হয়।
বেলজিয়ামের এক সাংবাদিকের টুইট করা ভিডিও পোস্টে দেখা যায়, রাজার মূর্তিটি ক্রেন দিয়ে বেদী থেকে নামিয়ে ফেলা হয়েছে।
২৫ মে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যা করে এক পুলিশ কর্মকর্তা। তাকে সহায়তা দেয় আরও তিন পুলিশ কর্মকর্তা। এই ঘটনার প্রতিবাদে দেশটি জুড়ে তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী বিক্ষোভের সেই ঢেউ ছড়িয়ে পড়ে ইউরোপেও। যুক্তরাজ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ হয়। দেশটিতে এক দাস ব্যবসায়ীর মূর্তি উচ্ছেদ করে নদীতে ছুড়ে ফেলে দেয় বিক্ষোভকারীরা।




