একসঙ্গে ৫ সন্তান জন্ম দিয়েছেন ১৯ বছরের রুবিনা বেগম। তবে ৫ সন্তানের মধ্যে ছেলে সন্তানটি মৃত প্রসব করেন তিনি। বিরল এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এর আগে গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে ডাক্তার দেখেন, তার গর্ভে চারটি সন্তান রয়েছে।
আগামী মার্চের শেষে বা এপ্রিলের দিকে তার প্রসব হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ভোর রাতেই তার প্রসব ব্যথা ওঠে। সকালে তাকে ভর্তি করা হয় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে। এরপরই ৫ সন্তান প্রসব করেন রুবিনা।
হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, একসঙ্গে চারটি মেয়ে এবং একটি অপরিণত মাংসপিণ্ডের প্রসব করেন রুবিনা। আশ্চর্যের বিষয়, কোনো সিজার লাগেনি, নর্মালভাবেই ৫ সন্তান জন্ম দেন রুবিনা। একসঙ্গে ৫ সন্তান প্রসবে প্রচুর রক্তপাতের আশঙ্কা থাকলেও রুবিনার ক্ষেত্রে তা হয়নি। তিনি পুরোপুরি সুস্থ আছেন।
রুবিনার চিকিৎসক মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অলোক সাঁতরা জানান, এমন ঘটনা ৮-১০ বছরে একটি ঘটে। জিনগত কারণেই এমনটা হয়ে থাকে।
রুবিনার স্বামী মকসেদ মহম্মদ পেশায় একজন দিনমজুর। ডেলিভারির আগে তার ওজন ছিল মাত্র ৩৯ কেজি। এত কম ওজন আর এতগুলি বাচ্চা নিয়ে পূর্ণ গর্ভাবস্থা কাটানো কঠিন বলেই মত বিশেষজ্ঞদের।
চিকিৎসক অলোক সাঁতরা বলেন, আর এক মাস পরে জন্মালে বাচ্চাদের শারীরিক অবস্থা আরও ভালো হতো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জন্মের সময় চারটি কন্যার ওজন ছিল ৩৮৫ গ্রাম, ৫৮৫ গ্রাম, ৬৮২ গ্রাম, ৯০০ গ্রাম। বাকি অসম্পূর্ণ মৃত সন্তানটির দু’টো পা ও একটি হাত তৈরি হয়েছিল।
প্রসবের পর মেখলিগঞ্জ থেকে রুবিনা ও তার সন্তানদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে তার এক সন্তান মারা গেছে বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে। তবে বাকি তিন সন্তান ও রুবিনা ভালো আছে।



