বিনোদন

একক গান নিয়ে নতুন পড়শী

বিনোদন ডেস্ক : প্রায় এক বছর আগে জুয়েল মোরশেদ ও পড়শীর গান ‘মন ভুইলা’ প্রকাশিত হয়েছিল। এবার ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নতুন একটি গান নিয়ে শিগগিরই পড়শী তার ভক্তদের মাঝে হাজির হতে যাচ্ছেন। তবে এবার তিনি একক গান নিয়ে হাজির হচ্ছেন। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এর আগে পড়শীর সঙ্গে ‘মন ভুইলা’তে সহশিল্পী জুয়েল মোরশেদ থাকলেও এবার তিনি পড়শীর গানের সুর সঙ্গীত করেছেন। গানের শিরোনাম হচ্ছে ‘রাস্তা’। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
নতুন একক গান প্রসঙ্গে পড়শী বলেন, ‘গানটির কথা এবং সুর সঙ্গীতায়োজন খুব ভালো হয়েছে। আমার নিজের কাছে খুব ভালোলেগেছে। তাছাড়া এই গানের মিউজিক ভিডিওতেও আমাকে নতুনভাবে দর্শক দেখতে পাবেন। তাই আমি নতুন এ গানটি নিয়ে খুব আশাবাদী।’
‘ধ্রুব মিউজিক স্টেশন’ সূত্রে জানা যায় আগামী সপ্তাহেই গানটি স্টেশনটির নিজস্ব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে পড়শী কক্সবাজারে একটি স্টেজ শোতে অংশ নিবেন। এছাড়া আগামী ২২ মার্চ উত্তরা ক্লাবে, ২৪ মার্চ গাজীপুরে স্টেজ শোতে অংশ নিবেন। শুধু গান নিয়েই যে পড়শী ব্যস্ত রয়েছেন এমনটি নয়।
গানের পাশাপাশি সমানতালে পড়শী ব্যস্ত রয়েছেন পড়াশুনা নিয়েও। রাজধানীর ধানমন্ডির একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে জার্নালিজমে অনার্স করছেন পড়শী। এছাড়াও তিনি ব্রিটিশ কাউন্সিলে ইংরেজিতে বিশেষ শিক্ষা নিচ্ছেন। পড়শীর সর্বশেষ মিউজিক ভিডিও ‘মন ভুইলা’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন তানজীব সারোয়ার এবং সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। এটি প্রকাশিত হয়েছিল সিডি চয়েজের ব্যানারে। পড়শীর নিজস্ব ব্যান্ডদল রয়েছে, নাম বর্ণমালা। পড়শীর প্রথম একক অ্যালবাম ‘পড়শী’ ২০১০ সালে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে। এরপর বাজারে আসে ‘পড়শী-২’,‘পড়শী-৩’ অ্যালবাম দুটি। এই দুটি বাজারে আনে গীতাঞ্জলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button