আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উহান কর্তৃপক্ষ সত্য গোপন করেছিল, অভিযোগ চীনা কর্মকর্তার

চীনের হুবেই প্রদেশের উহান শহরে মহামারি করোনাভাইরাস প্রথম দেখা দেয়। সেখানকার কর্তৃপক্ষ শুরুতে করোনা নিয়ে জরুরি তথ্য গোপন করেছিল বলে অভিযোগ তুলেছেন চীন সরকারের জ্যেষ্ঠ চিকিৎসাবিষয়ক উপদেষ্টা ডা. ঝং নানশান।
ডা. ঝং বলেন, প্রাথমিক অবস্থায় তারা প্রাদুর্ভাবের মাত্রা-সংক্রান্ত বিশদ তথ্য গোপন করেছিল। ওই সময়ে তারা সত্য বলতে চাইত না। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ডা. ঝং বলেন, ‘প্রাদুর্ভাবের গোড়ার দিকে উহানের কর্তৃপক্ষের মুখ বন্ধ ছিল। তখন আমি বলেছিলাম, সম্ভবত আমাদের বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। ’
ডা. ঝং নানশান আরো বলেন, বিদেশে পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে পড়া সত্ত্বেও উহানের সরকারি প্রতিবেদনে ১০ দিনেরও বেশি সময় ধরে আক্রান্তের সংখ্যা ৪১ দেখানো হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা চার হাজার ৬৩৭। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনো মানুষ সরকারি পরিসংখ্যানে বলা সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button