জাতীয়

ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি

ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের রেশন, শ্রমিক করোনায় আক্রান্ত হলে চিকিৎসা ও মৃত্যু হলে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
স্কপের যুগ্ম সমন্বয়কারী ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, করোনার বিস্তার রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই অবস্থায় শ্রমজীবী মানুষ পড়েছে সবচেয়ে বেশি দুর্দশায়। সাধারণ ছুটিতে কারখানা বন্ধ থাকলেও গার্মেন্টসের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য সরকার ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে। তা সত্ত্বেও শ্রমিকদের কত শতাংশ মজুরি দেওয়া হবে তা নিয়ে বিতর্ক ও কালক্ষেপণ করা হচ্ছে। যা শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়িয়ে দিচ্ছে।
ঈদের আগে সব শ্রমিকের বকেয়া বেতন-ভাতা, চলতি মে মাসের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button