ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে নতুন মাত্রা

ফিলিস্তিনের হামাস বলেছে, সংগঠনের নেতা ইসমাইল হানিয়াকে মার্কিন সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে হামাস ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন বন্ধ করে দেবে না।
হামাসের একজন মুখপাত্র বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা নতুন ইন্তিফাদা বা গণজাগরণ সৃষ্টি না করছি ততক্ষণ মার্কিন সমর্থিত এই ইহুদিবাদী নীতিকে মোকাবেলা করা যাবে না। আমরা মার্কিন এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি আমেরিকার একদল ইহুদিবাদী লোকের চিন্তা-ভাবনার ফসল হচ্ছে এই সিদ্ধান্ত। হামাসের কাছে এ সিদ্ধান্তের কোনো মূল্য নেই।
ফিলিস্তিনের জেরুসালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর যখন মধ্যপ্রাচ্য জুড়ে মারাত্মক রকমের উত্তেজনা বিরাজ করছে তখন হানিয়াকে সন্ত্রাসবাদের কালো তালিকাভুক্ত করল আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এক বিবৃতিতে বলেছে, হামাসের সামরিক শাখার সঙ্গে ইসমাইল হানিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রবক্তা তিনি।




