ইবাদাত ও খাবার বিলি করে রমজান কাটছে সানা খানের

হিন্দি টেলিভশন জগতের বেশ পরিচিত নাম সানা খান। রমজান মাসে প্রতিদিন রোজা রাখছেন তিনি, এর মাঝেই দুস্থ-অভুক্তদের অন্ন সংস্থানে এগিয়ে এসেছেন।
সংবাদ প্রতিদিন জানায়, সানার কাছে জীব সেবাই পরম ধর্ম। এই তৎপরতায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্মাবলম্বীদের অনেকেই তার হাতে ত্রাণের টাকা তুলে দিয়েছেন। জানালেন অভিনেত্রী নিজেই।
তিনি বলেন, “জানি না কীভাবে দিনগুলো কেটে যাচ্ছে! সকালে নমাজ পড়েই দিন শুরু হয়। তারপর কোরআন পড়ি। এর পরে সারাদিন দুস্থদের জন্য খাবারের বন্দোবস্ত করতে করতেই কেটে যায়। তারপর আবার দিনের শেষে বাড়ির সদস্যদের সঙ্গে ইফতারের আয়োজনে হাত লাগাই।”
সানা প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ জন অসহায় মানুষের মুখে তুলে দিচ্ছেন খাবার। শুধু রান্না করা খাবার বিতরণ করেই ক্ষান্ত থাকেননি। পাশাপাশি অত্যাবশকীয় জিনিসপত্রও বিলি করছেন। রাস্তায় রাস্তায় ঘুরে দুধ, পাউরুটি, বিস্কুট, গ্লুকোজ বিতরণ করছেন।
এই কঠিন সময়ে দুস্থদের সাহায্যের জন্য সানা খান একটি টিম তৈরি করেছেন। তাদের সাহায্যেই পৌঁছে যাচ্ছে খাবার ও রেশন।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন। কারো সাহায্যের দরকার হলে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা ত্রাণসামগ্রী-অনুদান দিতে যোগাযোগ করা যাবে বলে জানালেন।



