আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে : হাজারো নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পালু শহরের বালারোয়া ও পেতোবো এলাকার মাটি তরল হয়ে হাজারো মানুষ নিখোঁজ রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫৫৮ জনে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে হাজারো নিখোঁজের প্রাণহানির শঙ্কার কথা জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সোতোপো পুরো নুগ্রোহো।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫৫৮ জনে দাঁড়িয়েছে। পেতোবো এলাকা থেকে মাত্র ২৬ জনকে ও বালারোয়া থেকে ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পালুর বালারোয়া মাটি এতটাই তরল হয়ে গেছে যে সেখানে উদ্ধারকাজ করা সম্ভব হচ্ছে না এবং অন্তত এক হাজার ৭০০ বাড়িঘর তরল মাটিতে ডুবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ছাড়া ক্রিশ্চিয়ান বাইবেল স্টাডি ক্যাম্পে আসা ৩৪ শিশু এই তরল মাটিতে নিমজ্জিত হয়ে মারা গেছে।
গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও ছয় মিটার উচ্চতার সুনামির আঘাতে সুলাওয়েসির ৬৬ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়। পরপর দুটি প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুলাওয়েসি দ্বীপের পালু শহর। এখানে বসবাসকারী তিন লাখ ৮০ হাজার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সেভ দ্য চিলড্রেন বলছে, এই ভূমিকম্পে ছয় লাখের অধিক শিশু গৃহহীন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button