ইতিহাস গড়লেন রাজ্জাক

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে অনেক আগেই। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার তিনি। এবার বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন আব্দুর রাজ্জাক। চলমান জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে খুলনা বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে মাইলফলক ছুঁয়েছেন এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সাক্ষী হয়ে থাকল রাজ্জাকের এই ইতিহাস গড়ার মুহূর্তের।
এনসিএলের ম্যাচে রংপুর বিভাগের মুখোমুখি হয়েছে খুলনা। তার ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি রংপুরের ব্যাটসম্যানেরা। এখন পর্যন্ত রাজ্জাক নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের বাস্তবতায় এটা বিশাল এক অর্জন। তবে ম্যাজিক্যাল উইকেটটি পিয়ে তেমন একটা উচ্ছাস দেখাননি তিনি। পরমুহূর্তে মাইলফলকের কথা মনে পড়তেই ড্রেসিংরুমের দিকে তাকিয়ে হাত উঁচিয়ে ধরেন।
৬০০ উইকেটের ৬ উইকেট দূরে থেকে এই ম্যাচ শুরু করেছিলেন রাজ্জাক। পুরো ৬টি উইকেটই নিজের ঝুলিতে পুরেছেন তিনি। এর আগে ৫০০ উইকেটেও রাজ্জাকই ছিলেন বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র। তার সঙ্গে বিস্তর ব্যবধান নিয়ে দুইয়ে আরেক স্পিনার এনামুল হক জুনিয়র। ৪৭৭ উইকেট পেয়েছেন তিনি। সাদমান ইসলাম ছিলেন তার ৫০০তম শিকার।

