‘ইউরোপ থেকে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর তথ্য ভিত্তিহীন’

ইউরোপ থেকে ৯৩ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাবে এই পরিসংখ্যানকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইউরোপ ভিত্তিক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)।
বৃহস্পতিবার প্যারিসে আয়েবার সদর দপ্তরে অবৈধ অভিবাসী ফেরত পাঠানো, বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে আয়েবার ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিরসন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এই দাবী করেন আয়েবা মহাসচিব কাজি এনায়েত উল্লাহ ইনু।
সংবাদ সম্মেলনে অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করা হয়। এ সময় তারা জানান, গত বছরের ২৬ মে ইউরোপীয় ইউনিয়নের এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) সাথে বৈঠকের পাশাপাশি , ফ্রান্স পর্তুগাল এবং ইটালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আয়েবার বৈঠক হয়। ফলে ৯৩ হাজার অবৈধ অভিবাসী ইউরোপে আছে এ সংখ্যাটি সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ইউরোপে অবৈধ অভিবাসীদের আতংকিত না হওয়ার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন আয়েবা মহাসচিব কাজি এনায়েত উল্লাহ, সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, আহমদ ফিরোজ, টিএম রেজা, সুব্রত শুভ, নাসিম আহমেদ, কামাল মিয়া, হেনু মিয়া, এমদাদুল হক স্বপন প্রমুখ।
এ সময় বলা হয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে আয়েবা। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে আয়েবা ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।




