ইউটিউবে ‘ইত্যাদি’র রেকর্ড

এদেশে এখন একাধিক স্যাটেলাইট স্টেশনের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে। টিভি অনুষ্ঠান মিস করলেও তাই তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে তা অনায়াসেই দেখতে পারেন। তাই নানা বর্ণিল অনুষ্ঠান, নাটক ও গানের কারণে এ সকল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার খুব দ্রুত বেড়ে যায়। এর পাশাপাশি তারকারাও নিজেদের স্ব স্ব নামের একাধিক কনটেন্ট (গান, নাটক বা নিজের ইন্টারভিউ) নিয়ে চ্যানেল খুলছেন।
কিন্তু এর ভেতরে সবচেয়ে অল্পসংখ্যক কনটেন্টে সর্বাধিক সাবস্ক্রাইবার অর্জনের রেকর্ড গড়েছে ফাগুন অডিও ভিশন-এর ইউটিউব চ্যানেলটি। কোনো টিভি চ্যানেল না হয়েও অল্পকিছু কনটেন্ট পোস্ট করে খুব অল্প সময়ে ১ লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করাটা একটি নতুন রেকর্ড।
ফাগুন অডিও ভিশন চ্যানেলে মাত্র ৬০টি ভিডিও আপলোড করে কয়েকমাসে সাবস্ক্রাইবার ১ লক্ষ ১৩ হাজারের ওপরে। বাংলাদেশে এত অল্প সময়ে, অল্প কনটেন্টে এত সাবস্ক্রাইবার পাওয়ার ঘটনা বিরল। কারণ এই চ্যানেলে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এইচডি ভার্সন দেখা যায়। তাই শুধু দেশেই নয়, বিশ্বের একাধিক দেশে এই ইউটিউব চ্যানেলের দর্শক কয়েক লক্ষ। ইউটিউবের তথ্য মতে, এর টোটাল দর্শক এ পর্যন্ত আড়াই কোটি ছাড়িয়ে গেছে। প্রতিদিন গড়ে আড়াই লক্ষ দর্শক বিশ্বের বিভিন্ন স্থান থেকে ফাগুন অডিও ভিশনের এই চ্যানেলের একাধিক ভিডিও দেখে থাকে।
টিভি অনুষ্ঠানে ক্ষেত্রে জনপ্রিয়তায় শীর্ষে দীর্ঘদিনের অবস্থানে রয়েছে ফাগুন অডিও ভিশনের ইত্যাদি, পাঁচফোড়নসহ বিশেষ দিবসের নাটকগুলো। এর ধারাবাহিকতায় এবার ভার্চুয়াল মিডিয়াতেও রেকর্ড জনপ্রিয়তার উদাহরণ টানলো ফাগুন অডিও ভিশন।
এই বিরল রেকর্ড প্রসঙ্গে দেশবরেণ্য গণমাধ্যমব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি, দর্শকদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন ও পুরস্কার। তাই দর্শকদের কখনো ঠকাইনি বা ঠকানোর চেষ্টা করিনি বলেই সব মাধ্যমেই তারা সমান সাড়া দিয়েছেন। আমরা সঙ্গত কারণেই এই ব্যস্ত জীবনযাত্রায় যারা ইত্যাদি মিস করেন তাদের জন্য ইউটিউব চ্যানেলটি নিজেদের কারিগরী সদস্যদের দিয়ে পরিচালনা করে থাকি। সেখানে এত অল্প সময়ে এত সাড়া পাওয়াটা সত্যিই আনন্দের। দর্শকদের প্রতি আবারও কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, হানিফ সংকেত বর্তমানে তার টিম নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বেশকিছু তথ্যবহুল প্রতিবেদন তৈরি করছেন তিনি আগামী ইত্যাদির দর্শকদের জন্য।




