‘ইউক্রেনের রাজনৈতিক নেতাদের হত্যার জন্য গুপ্তঘাতক পাঠাচ্ছে রাশিয়া’

লেবাননে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইহর ওস্তাশ বলেছেন, ইউক্রেনের রাজনৈতিক নেতাদের হত্যার জন্য দেশটির রাজধানী কিয়েভে চার শ’ ভাড়াটে সেনা (গুপ্তঘাতক) পাঠিয়েছে রাশিয়া। এছাড়া এ ঘাতক বাহিনীর আরো একটি দায়িত্ব হলো ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
লেবাননের রাজধানী বৈরুতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের সামনে ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বক্তব্য দেয়ার সময় রাষ্ট্রদূত ইহর ওস্তাশ বলেন, এ সকল ভাড়াটে সেনারা (গুপ্তঘাতক বাহিনী) মূলত রাশিয়ার ওয়াগনার সিকিউরিটি কোম্পানির সদস্য।
লেবাননে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, ব্রিটেন থেকে পাওয়া তথ্য অনুসারে ইউক্রেনের রাজধানী কিয়েভে ওয়াগনার সিকিউরিটি কোম্পানি তাদের ৪০০ সেনা পাঠিয়েছে। এ সকল সেনা সদস্যদের মূল লক্ষ্য ইউক্রেনের রাজনৈতিক নেতাদের হত্যা করা। ইউক্রেনের রাজনৈতিক নেতাদের হত্যা করার বিনিময়ে তাদের মোটা অঙ্কের অর্থ সরবরাহ করবে রাশিয়া। কিন্তু, আমরা এর পরেও ভীত নই।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেলারুশের গোমেল অঞ্চলে যে আলোচনা শুরু হয়েছে তা নিয়ে ইউক্রেনের রাষ্ট্রদূত ইহর ওস্তাশ বলেন, আমাদের প্রথম শর্ত হচ্ছে রাশিয়াকে ইউক্রেন থেকে তাদের সকল সেনা প্রত্যাহার করতে হবে। এক্ষেত্রে কোনো শর্তারোপ করা যাবে না। সবাই এ বিষয়টা সম্পর্কে জানে।
সূত্র : ইয়েনি শাফাক




