Uncategorized

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৪ জনের দলে নতুন মুখের ছড়াছড়ি। প্রথমবারের মতো মূল টেস্ট দলে জায়গা করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান।
এ ছাড়া দলে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বলার মতো কিছুই না করতে পারা শুভাগত হোম চৌধুরী। ফেরানো হয়েছে পেসার শফিউল ইসলামকেও। সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন ছয়জন ক্রিকেটার।
টেস্টে বাংলাদেশের সব সময়ের মূল শক্তি স্পিন বোলিং। স্পিনার হিসেবে ১৪ জনের স্কোয়াডে আছেন তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী। মেহেদি হাসান মিরাজকে নেয়া হয়েছে মূলত স্পিনিং অলরাউন্ডার হিসেবে। এ ছাড়া সাকিব আল হাসান তো আছেনই।
পেসার আছেন মোটে দুজন; দুই বছর পর টেস্ট দলে ফেরা শফিউল ও নতুন মুখ কামরুল ইসলাম রাব্বি। দল ঘোষণার মাধ্যমেই যেনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পিন দিয়ে ইংলিশদের ‘ঘায়েল’ করার ইঙ্গিত দিয়ে রাখলো।
ব্যাটিংয়ের দায়িত্ব সামলাতে দলে আছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও সাকিব আল হাসান। আছেন নতুন মুখ নুরুল হাসান সোহানও। তাকে দলে নিতে হয়তো ব্যাটিং দক্ষতার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তার উইকেটকিপিংই। এদের মধ্যে মাহমুদুল্লাহ প্রয়োজনের সময় স্পিনেও পথ দেখাতে পারেন বাংলাদেশকে। সাব্বির রহমান এবারই পেলেন প্রথম সুযোগ।
ঘোষিত দল নিয়ে বিতর্কও শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত সিরিজের দল থেকে বাদ দেয়াদের মধ্যে বেশ কয়েকজন পরীক্ষিত পারফর্মারও আছেন, যেমন, মোহাম্মদ শহিদ, নাসির হোসেন ও রুবেল হোসেন। কিন্তু তাদেরকে বিবেচনা না করে দলে নেয়া হয়েছে সাব্বির, সৌম্য, মিরাজদের মতো একেবারেই তরুণদের।
গত কয়েকটি ঘরোয়া মৌসুমে ভালো খেলেও নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি রকিবুল হাসান ও শাহরিয়ার নাফীস। দারুণ সম্ভাবনা থাকলেও ঘোষিত দলে তাদের নাম না থাকাটা অবাক করেছে অনেককে। টেস্ট যেখানে অভিজ্ঞতার খেলা, বাংলাদেশের নির্বাচকরা তাদের বেশির ভাগ আস্থা সেখানে দেখালেন একদম তরুণদের উপর। এই দল শেষ পর্যন্ত টেস্টে কতোটা সফল হতে পারবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
নতুনরা কে কেমন
নতুনদের মধ্যে সর্বশেষ যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মেহেদি হাসান মিরাজ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে মোটে ১২টি। তাতে বল হাতে তিনি শিকার করেছেন ৪১ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। ব্যাট হাতে করেছেন ৫২৪ রান। হাফ সেঞ্চুরি আছে পাঁচটি, কোনো সেঞ্চুরি নেই।
পেসার কামরুল ইসলাম রাব্বি ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১০৩ উইকেট। রাব্বি ইনিংসে চার উইকেট পেয়েছেন তিনবার। একবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। সাব্বির রহমান প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩৫টি। তাতে ৩৪.৭১ গড়ে তিনি করেছেন ১৮৪০ রান। সেঞ্চুরি আছে তিনটি। হাফ সেঞ্চুরি আটটি। এমনিতে মারকাটারি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত সাব্বির টেস্টে কতোটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে একটা সংশয় থাকছেই।
উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪১-এর উপর গড়ে করেছেন ২৪২৫ রান। পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ১৩টি হাফ সেঞ্চুরিও আছে তার।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও নুরুল হাসান সোহান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button