আশুলিয়ায় দুটি শুটার গানসহ অস্ত্রব্যবসায়ী আটক

আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুটি ওয়ান শুটার গানসহ সাকিব খান (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
রোববার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার স্বপন কুমার বোসের মালিকানাধীন বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
সাকিব খান পাবনার আমিনপুর থানার দাঁতিয়া মধ্যপাড়া এলাকার আব্দুল হান্নান ওরফে টিপু মাস্টারের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিমপাড়া এলাকার স্বপন কুমার বোসের ভাড়া বাসায় থাকতেন।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আবুল বাসার পিপিএম-এর নেতৃত্বে আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে সাকিব খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গনি জানান, আটককৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। নয়া দিগন্ত।




