খেলা

আরিফুলের সেঞ্চুরিতে মোহামেডানের দুর্দান্ত জয়

শেষ বলে চার হাঁকিয়ে সেঞ্চুরি তুলে এবং ১০৩ রানে অপরাজিত থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে (ডিপিএল) সুপার সিক্সের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোটিং ক্লাবকে দুর্দান্ত এক জয়ের স্বাদ এনে দিলেন আরিফুল হক। শ্বাসরুদ্ধকর ম্যাচে মোহামেডান জয় পায় মাত্র ১ উইকেটে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিং করতে পাঠায় মোহামেডান। ব্যাটিং-এ নেমে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি প্রাইম ব্যাংক। ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যাবার আগে ২৪৪ রান করতে সমর্থ হয় তারা। দলের পক্ষে সাব্বির রহমান ৬৬ বলে ৭৭ রানের মূল্যবান ইনিংস খেলেন। তার ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কার মার ছিলো। এ ছাড়া ভারতীয় উন্মুখ চাঁদ ৪০ ও নুরুল হাসান ৩১ রান করেন। মোহামেডানের শহিদুল, ফয়সাল, এনামুল ও নাইম ইসলাম দুটি করে উইকেট নেন।

জবাবে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মোহামেডান। মিডল-অর্ডারে সেই চাপ সামাল দেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাইম ইসলাম। চাপ সামলে ওঠার পরই বিদায় নেন নাইম। ফলে আবারো চাপে পড়ে মোহামেডান। এবার দলকে চাপ থেকে মুক্ত করেন মুশফিকুর রহিম ও আরিফুল হক। ৬৩ বলে ৫০ রান করে মুশফিকুর ফিরে গেলে এক প্রান্ত আগলে দলকে লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন আরিফুল।

আরিফুলের পথ চলায় সঙ্গী ছিলেন নাজমুল হোসেন মিলন ও ফয়সাল হোসেন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। মিলন ১২ ও ফয়সাল ২৫ রান করেন। তাদের বিদায়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় মোহামেডান। ইনিংসের শেষ ওভারের তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত তিনটি উইকেট হারায় মোহামেডান। ফলে শেষ বলে জিততে ২ রান দরকার পড়ে মোহামেডানের। বাউন্ডারি মেরে দলকে দারুণ এক জয় এনে দেন আরিফুল। সেই সাথে সেঞ্চুরির স্বাদও নেন আরিফুল। ৯৯ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন ম্যাচের সেরা আরিফুল।

এই জয়ে ১৫ খেলা শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো মোহামেডান। আর সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ ও শেষ দল প্রাইম ব্যাংক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button