জাতীয়শিরোনাম

আরিচা মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

নানা অব্যবস্থাপনায় শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কে অন্তত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়ে ঈদে ঘরমুখো অগণিত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীসহ বিভিন্ন রুট থেকে পাটুরিয়ায় ফেরি পারের জন্য আসা অসংখ্য যানবাহনের চাপে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
বিশেষ করে পাটুরিয়া ঘাট, উথলী মোড়, বরংগাঈল, বানিয়াজুড়ী, তরা, মুলজান, মানিকগঞ্জ, গোলড়া, নয়াডিঙ্গি, বাথুলী বাসস্ট্যান্ডে নজিরবিহীন যানজট প্রকট আকার ধারণ করে। যানবাহন ও আইন শৃঙ্ক্ষলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, আনসার, ম্যাজিস্ট্রেট কঠোর অবস্থান নেয়। তা স্বত্বেও পণ্যবাহী ট্রাক, অভ্যন্তরীণ রুটের বাস, মিনিবাস, দূরপাল্লার কার-মোটরসাইকেল চালকদের বেপরোয়া মনোভাবের কারণে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে।
ঈদের আগে-পড়ে তিনদিন পণ্যবাহী ট্রাক পারাপার নিষেধ ঘোষণা করা হলেও মালিক-চালকরা তা কর্ণপাত না করে ঘাটের মুখে ছুটে আসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও অন্যদের দারুন বেগ পেতে হয়। শুক্রবার রাত থেকে পরদিন বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত অচলাবস্থা বিরাজ করতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, যানজটে আটকে পড়া বাস-কোচের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর নিরূপায় হয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়। এ পরিস্থিতে কেউ ভ্যান-রিক্সা, হ্যালো বাইক, সিএনজিসহ ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছাতে কয়েক গুণ বেশি ভাড়া গুনতে বাধ্য হয়।
নারী-শিশু ও বয়স্করা চরম দুর্ভোগ পোহায়। পথিমধ্যে শৌচাগার না থাকায় অনেকেই বিপাকে পড়ে। ঢাকা থেকে জাতীয় দৈনিক ও অন্য পত্রিকাবাহী গাড়ি সময়মত গন্তব্যে পৌঁছাতে পারেনি।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর ডিজিএম জিল্লুর রহমান জানান, বহরে থাকা ফেরির মধ্যে একটি কমে ১৬টি ফেরিযোগে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহন পারাপার হচ্ছে। যদিও পদ্মায় প্রবল স্রোতে ও ঢেঁউয়ের কারণে ফেরি চলাচল বিলম্বিত হচ্ছে।
এছাড়া, ওই রুটে ও আরিচা-কাজিরহাটের মধ্যে ৩৪টি লঞ্চ, স্পিডবোটযোগে যাত্রী পারাপার হচ্ছে।
শিবালয় থানা ওসি ফিরোজ কবির জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা জানান, ঢাকা বিভাগের পুলিশের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান ঈদমুখো যাত্রী পারাপার ও ঘাটের পরিস্থিতি পরির্দশনে পাটুরিয়ায় আসেন। নয়া দিগন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button