
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেছেন, দেশের মহানগরসমূহের আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নিতে হবে।
তিনি আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
রাস্তার পার্শ্বে ভবনসমূহে রেস্টুরেন্ট, পানশালাসহ নানাবিদ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কারণে উদ্ভুত সমস্যা নিরসনের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, রাজউক, সব সিটি কর্পোরেশন, পৌরসভা এবং সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তর সমূহের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসব আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে গত ৪ এপ্রিল মন্ত্রিসভায় এ সংক্রান্ত সুপারিশসমূহের সার-সংক্ষেপ অনুমোদন করা হয়।
আবদুল মালেক বলেন, মন্ত্রীসভার সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে দেশের মহানগরসমূহের আবাসিক এলাকার সরকারি প্লটে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ নিজ উদ্যোগে সরকার বেধে দেয়া পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে নিতে হবে।
মহানগরসমূহের আবাসিক এলাকায় কোন প্রকার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এ সব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সরিয়ে না নিলে রাজউক ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে তা অপসারণের ব্যবস্থা করা হবে এবং সকল ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেয়া হবে বলে বৈঠকে জানানো হয়।
আবাসিক এলাকায় সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া কোন বাণিজ্যিক কার্যক্রম চলতে দেয়া হবে না। তবে সেবামূলক প্রতিষ্ঠানসমূহ প্রকৃতপক্ষে সেবাদান করছে কিনা তা স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
আবাসিক এলাকায় রেস্টুরেন্ট বারসমূহের ট্রেড লাইসেন্স বাতিলকরণ ও নতুন কোন লাইসেন্স প্রদান না করা, বৈধ লাইসেন্স থাকলেও সেগুলোর লাইসেন্স পর্যায়ক্রমে নবায়ন না করাসহ বিভিন্ন বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।




