আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

পতাকা ডেস্ক : বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন আলমের আনা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এই রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আদেশে এবিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতি নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব মোরশেদ। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।
আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ছাত্রবিক্ষোভ হয়। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষও সোচ্চার হন।
নির্মম এই হত্যাকাণ্ডে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ পরদিন চকবাজার থানায় মামলা করেন। সে মামলার বিচার শেষে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।
আবরার হত্যাকে কেন্দ্র করে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্র : বাসস




