আফগানিস্তান ক্রিকেটের নতুন কোচ লালচাঁদ রাজপুত

ইনজামাম উল হক দায়িত্ব ছাড়ার পর খালি পড়ে ছিলো আফগানিস্তানের প্রধান কোচের পদ। অবশেষে সেই পদ পূরণ হলো। নতুন কোচ পেলো আফগানিস্তানের ক্রিকেটাররা।
এশিয়ার এই উঠতি ক্রিকেট শক্তির নতুন কোচ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার লালচাঁদ রাজপুত। ভারত জাতীয় দলের হয়ে চারটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলেছিলেন তিনি। এ ছাড়া ১১০টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেন তিনি।
আপাতত অস্থায়ী ভিত্তিতে কাজ করবেন লালচাঁদ। জুলাই- আগস্টে লম্বা সফরে ইউরোপ যাবে আফগানিস্তান। এই সফরে কোচের দায়িত্বে থাকবেন তিনি। সফরে আফগানিস্তান যদি প্রত্যাশিত সাফল্য পায়, তবেই দীর্ঘ মেয়াদে কোচের দায়িত্ব পেতে পারেন রাজপুত।
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ, প্রোটিয়া সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবসও চেয়েছিলেন আফগানিস্তানের কোচ হতে। কিন্তু আফগান ক্রিকেট নিয়োগ দেয় ২০০৭ সালে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো কোচ লালচাঁদকে।
লালচাঁদ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার জন্যও আবেদন করেছিলেন তিনি। সব মিলিয়ে কোচ হিসেবে লালচাঁদ বেশ অভিজ্ঞই বটে।
ইনজামাম উল হক থাকাকালীন দারুণ খেলছিলো আফগানিস্তান। লালচাঁদ রাজপুতের চ্যালেঞ্জ হবে সেই ধারাবাহিকতা ধরে রাখা। সেটা তিনি পারবেন কিনা, তা দেখতে আপাতত থাকবে হবে অপেক্ষায়। জুলাই- আগস্টের ইউরোপ সফরেই বোঝা যাবে তার কার্যকরিতা।




