আনোয়ারায় দুই চিকিৎসকসহ আরও ১৫ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামের আনোয়ারায় দুইজন চিকিৎসকসহ নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক, বারখাইন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ও অফিস সহায়কও রয়েছেন।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত মঙ্গলবার ৩৯টি নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারমধ্যে গত বৃহস্পতিবার ৫টির ফলাফলে ৩টি পজিটিভ পাওয়া যায়। তবে শনাক্ত হওয়া ওই তিনজন আনোয়ারায় কর্মরত হলেও তারা কেউ উপজেলার বাসিন্দা নন।
শুক্রবার রাতে বাকি পরীক্ষার ফলাফলে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন করে আক্রান্তদের দুইজন চিসিৎসক, দুইজন স্বাস্থ্যকর্মী, দুইজন ইতিপূর্বে আক্রান্ত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্য, একজন উপজেলা খাদ্য দপ্তরের কর্মকর্তা, একজন ব্যাংক কর্মকর্তা ও একজন এনজিও কর্মী। বাকি আক্রান্তরা উপজেলার বটতলী, বারখাইন, হাইলধর ও বৈরাগ ইউনিয়নের বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ২৪১ নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন সুস্থ ও একজনের মৃত্যু হয়েছে।




