খেলা

‘আইসল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে ফ্রান্স

রোববার ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টে জয় নিয়ে সেমি-ফাইনালে উন্নীত হয়েছে স্বাগতিক ফ্রান্স। রাজধানী প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত ম্যাচে নবাগত আইসল্যান্ডকে ৫-২ গোলে পরাজিত করে স্বাগতিকরা। আর এই ম্যাচেই চলতি আসরে ফ্রান্স সেরা পারফর্মেন্স করেছে বলে দাবি দলীয় তারকা দিমিত্রি পায়েটের।
গ্রুপ পর্বের ম্যাচে দর্শকরে মুগ্ধ করতে ব্যর্থ হয়েছিল দিদিয়ার দেশমের শিষ্যরা। সাদামাটা পারফর্মেন্স দিয়ে গ্রুপ পর্বের বৈতরণী পার করা ফরাসি দলটি নক-আউট পর্বে দূর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মোকাবেলা করতে গিয়ে দারুণ চ্যালেঞ্জর মুখে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় নিয়ে শেষ আটে জায়গা খুঁজে পায় তারা।
তবে রোববার কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেশ প্রত্যয়ী পারফর্মেন্স দেখিয়েছে স্বাগতিক দল। বলতে গেলে সহজ একটি জয় নিয়েই সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। সেমি-ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানীর মোকাবেলা করতে হবে তাদের।
আইসল্যান্ডের বিপক্ষে দলের হয়ে তৃতীয় গোল আদায় করা পায়েট সাংবাদিকদের বলেন, ‘এই টুর্নামেন্টে এটি ছিল আমাদের সেরা পারফর্মেন্স। ম্যাচে আমরা বেশক’টি গোল আদায় করতে সক্ষম হয়েছি। যেটি ছিল দারুণ একটি ব্যাপার। আর ম্যাচে আগে ভাগে গোল করতে পারাটাও বেশ গুরুত্বপূর্ণ বিষয়। আক্রমণ ভাগে আমরা যথেষ্ট মেধার পরিচয় দিয়েছি। মানসম্পন্ন আক্রমণ দিয়ে আমরা প্রচুর সুযোগ সৃষ্টি করেছি। যা দিয়ে আমরা গোল আদায়ও করতে পেরেছি। আইসল্যান্ডের শক্তিমত্তা নিয়ে শুরুতে আমরা বেশ শংকিত ছিলাম। কিন্তু ম্যাচে আমরাই শ্রেষ্ঠত্ব বজায় রেখেছি।’
সেমি-ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানী বেশ কয়েকজন সেরা খেলোয়াড়কে বাইরে রেখেই লড়াইয়ে অবতীর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে ম্যাচে অংশ নিতে পারবেন না ম্যাটস হামেলস। ইনজুরির কারণে বাইরে ছিটকে পড়েছেন মারিও গোমেজ। একই কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারকা ফুটবলার বাস্তিয়ান শোয়েন্সটেইগার ও সামি খেদিরা।
তারপরও জার্মানীকে আসরের সেরা শক্তিশালী দল বলে মনে করেন পায়েট। তিনি বলেন, ‘জার্মানী এরপরও দূর্বল হবে না। তারা হচ্ছে এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button