
তপন দাস, নীলফামারী প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
রবিবার (২১ জুন) নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, এবং জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপিসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জলঢাকা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ ব্যাপারে ওসি নাজমুল আলম জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “এই অর্জন শুধু আমার একার নয়, জলঢাকা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”
এ সম্মাননা প্রাপ্তিতে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি নাজমুল আলমকে অভিনন্দন জানিয়েছেন।




