অ্যামাজনের চালু হওয়া সুপারশপে নেই বিক্রেতা বা ক্যাশিয়ার

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এমন শপ চালু করেছে, যে দোকানে নেই কোনো বিক্রেতা বা পণ্যের অর্থ পরিশোধের জন্য ক্যাশ কাউন্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে ২২ জানুয়ারি সোমবার ‘অ্যামাজন গো’ নামের এই দোকান চালু করা হয়।
অ্যামাজনের এই শপে কেনাকাটা করতে স্মার্টফোনে থাকতে হবে প্রতিষ্ঠানটির অ্যাপ।
নিজের প্রয়োজনমতো কেনাকাটা করে পণ্য সরাসরি শপিং ব্যাগে ঢুকিয়ে নিলেই হলো। চেকআউট প্রক্রিয়া স্বয়ংক্রিয় হওয়ায় কেনাকাটার সময় তাক থেকে কোনো পণ্য নামালে ক্রেতার স্মার্টফোন অ্যাপের ভার্চুয়াল শপিং কার্ডে সে পণ্য যোগ হয়ে যায়। আবার প্রয়োজন নেই ভেবে তাকে সে পণ্য রেখে দিলে অ্যাপ থেকে মুছে যায়।
কেনাকাটা শেষে যে দরজা দিয়ে ক্রেতা ঢুকবেন সেদিক দিয়েই বেরিয়ে যেতে হবে। ঢোকার সময়ে স্মার্টফোনে থাকা আমাজন অ্যাপ স্ক্যান করতে হবে দরজায়। বেরিয়ে যাওয়ার সময় আবার দরজায় অ্যাপ স্ক্যান করলেই অ্যাপে যুক্ত ক্রেডিট কার্ড থেকে পণ্যের মূল্য কেটে নেওয়া হয়।
আর শপে আছে শত শত খুদে ক্যামেরা যা প্রতিটি পণ্যে ক্যামেরায় দেখেই কম্পিউটার চিনে ফেলবে কোন পণ্যটি কেনা হচ্ছে এবং কোন ক্রেতা তা কিনছেন।
‘অ্যামাজন গো’ এর প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি আমাজন কর্তৃপক্ষ। তবে মেশিন লার্নিং এবং কম্পিউটার ভিশন প্রযুক্তি কাজে লাগানো হয়েছে এই সুপারশপে।




