খেলা

অশোভন আচরণের জন্য মেক্সিকান কোচের দুঃখ প্রকাশ

কনফেডারেশন্স কাপে পর্তুগালের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারিদের সাথে অশোভন আচরণের দায়ে মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিওকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। নিজের এই আচরণের জন্য পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন ওসোরিও।
ঘটনাটি নিয়ে শনিবার রাতে প্রথমবারের মত মুখ খুলেছেন ওসোরিও। ৫৬ বছর বয়সী এই কলম্বিয়ান বলেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কখনই ঘটবে না। তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে আমি অত্যন্ত দুঃখিত। পর্তুগালের বিপক্ষে ম্যাচটিতে আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সত্যিই লজ্জিত।
পর্তুগালের বিপক্ষে ম্যাচটিতে ২-১ গোলে পরাজিত হয় মেক্সিকো। ম্যাচ শেষে সাইডলাইনে থাকা অফিসিয়ালদের উদ্দেশ্য করে অশোভন আচরণ ও ভাষা ব্যবহার করেন ওসোরিও। এই নিষেধাজ্ঞার ফলে চলমান কনকাকাফ গোল্ড কাপে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোর ডাগ আউটে থাকতে পারছেন না ওসোরিও। রোববার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সান দিয়েগোতে এল সালভাদোরের মুখোমুখি হবে মেক্সিকো। গ্রুপের পরের ম্যাচগুলো যথাক্রমে বৃহস্পতিবার ডেনভারে জ্যামাইকার বিপক্ষে ও ১৬ জুলাই সান অ্যান্টোনিওতে কুরাকাওয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
গোল্ড কাপের ফাইনালের আগেই যদি মেক্সিকো বিদায় নেয় তবে ওসোরিওকে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে পানামা ও কোস্টা রিকার বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button