অলিম্পিকে হীটে শীর্ষ স্থান বাংলাদেশী রিটার

গলফার সিদ্দিকুর রহমানের ইভেন্ট দিয়েই বাংলাদেশের অলিম্পিকের মিশন শেষ হয়ে গেছে। কিন্তু অন্য আরেকটি দিক দিয়ে অলিম্পিকে রয়ে গেছে বাংলাদেশ। এমনকি হিটে শীর্ষ স্থান নিয়েই আছে।
ব্যাপারটি নিয়ে হয়তো অনেকের খটকা লাগতে পারে। পরিষ্কার করার জন্য বলছি- অলিম্পিকে রয়েছেন একজন বাংলাদেশী। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত হলেও খেলছেন রাশিয়ার হয়ে।
রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক মার্গারিটা মামুন রিটা। এই ইভেন্টের হিট শীর্ষে থেকেই শেষ করেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা এই জিমন্যাস্ট।
মার্গারিটা নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০ একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়েছেন।
এই ইভেন্টের বিশ্ব রেকর্ডটা কিন্তু মার্গারিটার দখলেই। ২০১৬ বাকু বিশ্বকাপে তিনি ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে এই বিশ্ব রেকর্ড করেন। আর রিওতে তার শুরুটাও নেহাত মন্দ হয়নি।

মার্গারিটার বাবা বাংলাদেশি আর মা রাশিয়ান। তাই বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্যই বলা চলে। যদিও রিওতে তিনি রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তিনি জিতলে বাংলাদেশও তাকে নিয়ে গর্ব করতেই পারে।
মার্গারিটার মা আনা সাবেক রিদমিক জিমন্যাস্ট। মাকে দেখেই তার এই রিদমিক জিমন্যাস্টের জগতে পা রাখা। জুনিয়র লেভেলে বেশ কিছুদিন তিনি বাংলাদেশের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। তবে সিনিয়ার লেভেলে ফিরে গিয়েছেন রাশিয়ায়।




