
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুলে দেয়া হলো জনপ্রিয় বিনোদন কেন্দ্র ওয়াল্ট ডিজনি। এর আগে মার্চে করোনা পরিস্থিতির কারণে ক্যালিফোর্নিয়ার পাশাপাশি এখানকার ফ্র্যাঞ্চাইজি ‘অনির্দিষ্টকালের’ জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে থিম পার্কটি খোলার ঘোষণা আসে।
বিবিসি জানায়, যুক্তরাজ্যে এই রাজ্যে আড়াই লাখেরও বেশি রোগী পাওয়া গেছে। মারা গেছেন ৪১৯৭ জন। এরই মাঝে ডিজনির পার্ক খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে।
অবশ্য ডিজনি খুলে দেওয়ায় খুশি হয়েছেন এতদিন চার দেওয়ালের মাঝে বন্দী থাকা অনেক বিনোদনপ্রত্যাশী।
এএফপি’র তোলা ছবিতে দেখা যায়, সামাজিক দূরত্ব ও সীমিত পরিসরে ডিজনি খুলে দেয়ার পর মানুষ লাইন ধরে টিকিট সংগ্রহ করছেন। নানান রাইড উপভোগ ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন।
গত মার্চের মাঝামাঝিতে ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কভিড-১৯ সৃষ্ট অনিশ্চিত অবস্থায় তাদের কাছে অতিথি ও কর্মচারীদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারের নির্দেশনা মেনে ডিজনিল্যান্ড রিসোর্ট ও ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
সঙ্গে আরও জানানো হয়, বন্ধ থাকা অবস্থায় পার্কের কর্মচারীরা তাদের বেতন পাবেন। এমনকি ঘণ্টাভিত্তিক কর্মীদের ১৮ এপ্রিলের মধ্যে টাকা পরিশোধ করা হবে।
ডিজনির পাশাপাশি চলতি সপ্তাহে খুলে দেওয়া হয়েছে আরও কিছু পার্ক। হলিউডের নামি স্টুডিওগুলোও উন্মুক্ত হতে যাচ্ছে। তবে ডিজনি ক্যালিফোর্নিয়া শাখা খোলার ঘোষণা এখনো আসেনি।




