অনলাইনে ফাঁস সালমন-ক্যাটরিনার ‘ভারত’
মুক্তির একদিনের মাথাতেই অনলাইনে ফাঁস হয়ে গেল সালমন-ক্যাটরিনার ‘ভারত’। সৌজন্যে, আবারও সেই তামিল রকার্স। এর আগে বহু ছবি অনলাইন ফাঁস করার বদনাম রয়েছে এই তামিল রকার্সের বিরুদ্ধে।
জানা গেছে, ভারত ছবিটি অনলাইনে ফাঁস করেছে এই সাইটটি। এমনকি তামিলরকার্স’র তরফে ছবিটি এক্কেবারেই বিনামূল্যে ডাউনলোডেরও অপশন দেওয়া হচ্ছে বলে খবর।
‘ভারত’ ছবিটি অনলাইন ফাঁস হওয়ার খবরে চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে।
এর আগে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘২.০’, আমির খানের ‘ঠাগস্ অব হিন্দুস্তান’, রণবীর সিংয়ের ‘গলি বয়’, অভিষেক বর্মনের ‘কলঙ্ক’, দক্ষিণ ভারতীয় ছবি ‘সরকার’ অনলাইনে ফাঁস করা হয়েছিল তামিল রকার্সের তরফে।
বাদ যায়নি হলিউডের ছবি ‘ভেনম’, ‘গডজিলা:দ্য কিং অব দ্য মনস্টারস’, ‘আলাদিন’, ‘দেবী ২’। এভাবে অনলাইনে ফাঁস হওয়ার কারণে বহু সিনেমার ব্যবসার ক্ষতি হয়েছে।
সালমন-ক্যাটরিনার ‘ভারত’ মুক্তি পেয়েছে ইদের দিন অর্থাৎ ৫ জুন। মুক্তির প্রথম দিনে ছবিটি ব্যবসা করেছে ৪২.৩০ কোটি টাকার ব্যবসা করেছে। এখনও পর্যন্ত ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।
এই ছবির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সালমানের শ্যালক অতুল অগ্নিহোত্রী এবং ভূষণ কুমার।
চিত্রনাট্য লিখেছেন আলি আব্বাস জাফর এবং বরুন বি শর্মা। ছবিতে সালমন-ক্যাটরিনা ছাড়াও রয়েছেন সুনীল গ্রোভার, টাবু, দিশা পাটানি, জ্যাকি শ্রফ, নোরা ফতেহি এবং আসিফ শেখ।




