রতন রায়হান, রংপুর: রংপুর মহানগরীতে লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে আল মদিনা লাইভ বেকারী নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মহানগরীর খামার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আল মদিনা লাইভ বেকারীতে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৪(১) ও ৪১ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌশলী তাদমিরা শারমিন, পরিদর্শক (মেট্রোলজি) এবং মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম)।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।