sliderস্থানিয়

দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সাজেক কারবারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সাজেক মার্চালং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মার্চালং বাজারেও শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। ধর্মীয় এ উৎসবের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে দুই সংগঠনের পক্ষ থেকে সাময়িকভাবে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বিবৃতিতে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে সংগঠন দুটির নেতারা জানান, তাদের এ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে কিংবা কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমালের সুরক্ষার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তারা আরও জানান, প্রশাসন সাজেকবাসীর দাবিগুলো পূরণ না করলে দুর্গোৎসব শেষে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী কর্মসূচির বিষয়ে যথাসময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে, সাজেকবাসীর তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়নের মাধ্যমে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button