sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, নারী ও শিশুর মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারী ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের শিশুসন্তান মহব্বত আলী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফেরদৌসী খাতুন। পরে তাঁর এনএস-১ পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে ডেঙ্গু কর্নারে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাতে তীব্র জ্বর, শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশু মহব্বত আলীকে। তবে এনএস-১ বা অ্যান্টিবডি পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই ভোররাতে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফেরদৌসী খাতুন ডেঙ্গু পজিটিভ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এছাড়া শিশুটির ডেঙ্গু পরীক্ষা করা সম্ভব না হলেও তার মধ্যে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, বর্তমানে জেলা হাসপাতালের ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত চাপের মধ্যে সেবা দিতে হচ্ছে। এদিকে, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button