লেবু পাড়তে গিয়ে সেলস ম্যানেজারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বাড়ির বাউন্ডারি ওয়ালে উঠে লেবু পাড়তে গিয়ে উপর থেকে পড়ে মাথায় আঘাত পাওয়া আহত এলানকো বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজারের মৃত্যু হয়েছে।
নিহত মো. সোহরাব হোসেন (৫০) উপজেলার আবদুল্যাহপুর গ্রামের মৃত মো. শহীদ উল্যাহর ছেলে। তিনি এলানকো বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হসপিটালে আইসিইউতে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান।
ঈরিবার সূত্রে জানা যায়, সোহরাব হোসেন কর্মস্থল থেকে গত মঙ্গলবার (৩ নভেম্বর) ছুটি নিয়ে নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের নিজ বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকালে বাড়ির বাউন্ডারি ওয়ালের পাশের একটি লেবু গাছ থেকে লেবু পাড়তে উঠেন। এসময় তিনি পা ছিঁটকে নিচে পড়ে ওয়ালের সাথে মাথায় আঘাত প্রাপ্ত হন। পরে বাড়ি ও আশপাশের লোকজন আহত সোহরাব হোসেনকে উদ্ধার করে প্রথমে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হসপিটালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোহরাবের মৃত্যু হয়।
মৃত্যুকালে সোহরাব হোসেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




