আঞ্চলিক সংবাদপত্র টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা প্রয়োজন-পিআইবি মহাপরিচালক

রংপুর প্রতিনিধি : প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ(পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, গণমাধ্যমে দুর্দিন চলছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আঞ্চলিক সংবাদপত্র। আঞ্চলিক সংবাদপত্র টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা প্রয়োজন। নইলে মফস্বল সাংবাদিকতা ও সংবাদপত্র হুমকির মুখে পড়বে।
শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে রংপুর বিভাগের আট জেলা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে অনুষ্ঠিত শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পিআইবির প্রধান বলেন, এখন মিডিয়া মানে চ্যালেঞ্জ; টিকে থাকার লড়াই। করোনা দুর্যোগে আমরা মিডিয়ায় ব্যাপক পরিবর্তন দেখছি। বর্তমানে পত্রিকার পাঠক কমে গেছে। মানুষ এখন অনলাইন নির্ভর সংবাদপত্রে ঝুঁকে পড়েছে। পত্রিকা হাউসগুলোতে পরিবর্তন এসেছে। অনেক হাউস এখন অনলাইন হয়েছে। তারা স্টুডিও তৈরি করেছে। নিয়মিত ভিডিও রিপোর্ট, গোল টেবিল সভা, ভিজ্যুয়াল তথ্য প্রকাশ করছে। গণমাধ্যমের এই পরিবর্তন টিকে থাকার জন্য।
জাফর ওয়াজেদ আরও বলেন, সাম্প্রতিক সময়ের নারী-শিশু নির্যাতন, নিপীড়ন, ধর্ষণসহ সহিংসতা বেড়ে যাওয়া সবার জন্যই উদ্বেগের। এ প্রেক্ষাপটে গণমাধ্যম কর্মীরা সামাজিক সচেতনতা সৃষ্টিতে সবেচেয়ে বেশি ভূমিকা রাখছে। সংবাদপত্রের কাজই এটা। শিশু ও নারীর প্রতি মানুষের লোভাতুর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের অবস্থানকে নিরাপদ করতে হবে। সরকার যেমন আইনের মাধ্যমে চেষ্টা করছে, মিডিয়াকে রিপোটিংয়ের মাধ্যমে সেকাজ করতে হবে। সংলাপ অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাব এর সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক। দিনব্যাপী ওই সংলাপ অনুষ্ঠানে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা থেকে প্রকাশিত স্থানীয় সংবাদপত্রের সম্পাদক, নির্বাহী সম্পাদক ও উপদেষ্টা সম্পাকাসহ ৪০ জন অংশ নেন।



