ঠাকুরগাঁওয়ে চিনিশিল্প রক্ষার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও চিনিকলকে লাভজনক করতে আধুনিকায়ন ও ডিস্টিলারি ইউনিট স্থাপন, ব্যাগাস থেকে কোজেনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও সুগার বিট প্রকল্প দ্রুত বাস্তবায়ন, শ্রমিকদের বকেয়া বেতন, অবসরপ্রাপ্ত শ্রমিকের গ্রাইচুটির টাকা ও চাষিদের আখের দাম পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাষ্ট্রায়ত্ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে মিলের শ্রমিক-আখচাষিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও চিনিকলটি বাঁচাতে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করে সারা বছর মিলটি চালু রাখতে হবে। অবিলম্বে চিনিকলটি আধুনিকায়ন করে সুগারবিট প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে মিলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিদের পাওনা টাকা পরিশোধ করতে হবে।
বক্তব্য দেন রাষ্ট্রায়ত্ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম রুবেল, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আহসানুল হাবিব বাবু, চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জবাইদুর রহমান, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, আখ চাষিদের বকেয়া পরিশোধ হয়েছে। তবে শ্রমিক কর্মচারীদের ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য অর্থ চেয়ে ঊর্ধ্বতন দপ্তরে চিঠি দেয়া হয়েছে। আর ঠাকুরগাঁও চিনিকল আধুনিকায়ন ও সুগার বিট প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে বলে জানায় সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।



