রংপুরে দু’ বোনের মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর মধ্য গণেশপুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলো- সুমাইয়া আকতার মীম(১৬) এবং জান্নাতুল মাওয়া(১৪)। মীম দাখিল পরীক্ষার ফলপ্রত্যাশী এবং মাওয়া ৭ম শ্রেণিতে পড়ত। শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকার লোকজন জানান- নগরীর মুলাটোল আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলপ্রত্যাশী সুমাইয়া আকতার মীমের (১৬) মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় এবং তার চাচাতো বোন বীরমুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়ার (১৪) মরদেহ পাশের ঘরে মেঝের ওপর পড়েছিল। মীম ওই এলাকার মোকছেদুল ইসলামের এবং জান্নাতুল মাওয়া মমিনুল ইসলামের মেয়ে। মীমকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া
গেছে ।এছাড়া মাওয়ার গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রেম ঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে
মনে করছেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা’ এই মুহূর্তে বলা সম্ভব নয়। মরদেহের সুরতহাল তেরী করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি এর নেপথ্যে কী কারণ রয়েছে তা উদঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।




