আন্তর্জাতিক সংবাদশিরোনাম

হিটলারের ছবি শেয়ার করায় বরখাস্ত ২১ জার্মান পুলিশ

চ্যাটবক্সে নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের ছবি শেয়ার করায় ২১ জন পুলিশকে বরখাস্ত করছে জার্মান কর্তৃপক্ষ।
জার্মানিতে দায়িত্ব অবহেলা ও বর্ণবাদের অভিযোগে বেশ কিছু পুলিশকর্মীর বাড়ি ও ব্যুরোতে তল্লাশি চালানো হয়।
এসেন এবং নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার ওই অভিযানে ২৯ জন বিতর্কিত পুলিশকর্মীকে চিহ্নিত করা হয়। যাদের চ্যাটবক্সে পাওয়া যায় হিটলারকে নিয়ে ছবি।
২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তাদের ব্যবহার করা পাঁচটি গ্রুপ চ্যাট বের করা হয়। সেখানে দেখা যায়, বর্ণবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এসব পুলিশ সদস্য। তারা নিজেদের মধ্যে হিটলারের ছবি শেয়ার করেন এবং গ্যাস চেম্বারে শরণার্থীকে মারার কাল্পনিক ছবি নিয়েও আলোচনা করেন।
জার্মানিতে এ ধরনের কাজ করা অপরাধ। পুলিশের বক্তব্য, যারা ওই গ্রুপে আলোচনায় অংশ নেননি তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তারা এ ধরনের ঘটনার কথা উচ্চপদস্থ অফিসারদের কাছে রিপোর্ট করেননি তা জানতে চাওয়া হচ্ছে।
২৯ জনের মধ্যে ১৪ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জার্মান পুলিশ কর্তৃপক্ষ। তার মধ্যে ১১ জনের বিরুদ্ধে ক্রিমিনাল আইনে মামলা করা হবে। তবে বাকিরা আপাতত বরখাস্ত থাকবেন।
বিশেষজ্ঞদের মতে, শরণার্থী সমস্যা জার্মানিতে চরম দক্ষিণপন্থীদের সমর্থন আগের চেয়ে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অলটারনেটিভ ফর জার্মানি-এএফডির মতো কট্টর ডানপন্থী দল গত কয়েক বছরে বিপুল ভোট পেয়েছে। নিও নাৎসি আদর্শও ইদানীং আলোচনার বিষয়। পুলিশের মধ্যেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকে।
পুলিশের একটি অংশ কট্টর দক্ষিণপন্থীদের মতামতকে সমর্থন করছে বলে মনে করা হচ্ছিল। সেই আশঙ্কা থেকেই তদন্ত শুরু করে পুলিশ এবং হাতেনাতে প্রমাণ পায়।
জার্মান পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে সে দিকে আরও বেশি নজর দেওয়া হবে। প্রশাসনে বর্ণবাদের কোনও স্থান নেই। সুত্র : ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button