
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে।
স্বাস্থ্য অধিদফতর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৪২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৯০ হাজার ১১টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.১৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯.৭০ শতাংশ।
নতুন যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৬১৩ জন বা ৭৭.৯৭ শতাংশ এবং নারী ১ হাজার ২১ জন বা ২২.০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬০.১৪ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।




