
এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা তিরিশের কোটা বা এর নিচে থাকলেও সবশেষ চব্বিশ ঘণ্টায় বেড়ে গেছে। এই সময়ে ৪১ জনের প্রাণহানি হয়েছে, যা গত দশ দিনের মধ্যে সর্বোচ্চ।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাতে দেশে কভিড-১৯ এ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৩ জনে।
এর আগে চল্লিশ জন ছাড়ানোর মৃত্যুর ঘটনা ঘটেছিল ৩০ আগস্ট, ওইদিন ৪২ জনের মৃত্যু হয়েছিল। এরপর মৃত্যুর সংখ্যা একদিনও ৩৭ জনের বেশি পার হয়নি। বরং একদিন মৃত্যু কমে দাঁড়িয়েছিল ২৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় ১৪ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৮২৭ জনের শরীরে।
তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৯৯৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। দেশ রূপান্তর




