লামায় প্রেমিকের সহায়তায় ত্রিপুরা নারী গণধর্ষণের শিকার

সীমান্ত প্রতিনিধি : বান্দরবান জেলার লামা উপজেলায় প্রেমিকের সহায়তায় এক বিধবা ত্রিপুরা মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩০ আগস্ট) রাত প্রায় ১টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকার জনৈক ক্লিপটন গ্রুপের বাগানের পাশে এই ঘটনা ঘটে। মেয়েটির বাড়ি বান্দরবানের মিলনছড়ি এলাকায়।
সোমবার (৩১ আগস্ট) সকালে মেয়েটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।তিনি আরও বলেন, মেয়েটি একাধিক ব্যক্তির কথা বলছে। ধারণা করা হচ্ছে এটি একটি গণধর্ষণের মত ঘটনা।
পূর্বচাম্বী ডিগ্রিখোলা এলাকার জনৈক দুলা মিয়ার স্ত্রী রাবেয়া বেগম বলেন, মেয়েটি ধর্ষণের পরে রাত ৩টার দিকে হেঁটে ডিগ্রিখোলা এলাকায় আসলে স্থানীয় লোকজনের সাথে দেখা হলে সে তাদের বিষয়টি বলে। পরে স্থানীয় লোকজন রাতের জন্য মেয়েটিকে আমার নিকট হেফাজতে রাখে। সকালে লামা থানা পুলিশ এসে মেয়েটিকে তাদের হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, মেয়েটি আমাকে জানায় পার্শ্ববর্তী সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুইট্টা পাড়ার মৃত ইসহাক মৌলভী প্রকাশ দেয়াল মৌলভীর ছেলে নুরুল হুদা (২৭) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তাদের পরিচয় হয় মোবাইলের মাধ্যমে। পরে ক্লিপটন গ্রুপের বাগানের জঙ্গলের ভিতরে নুরুল হুদা ও তার সাথে থাকা অজ্ঞাত আরও ৫ জন লোক মিলে মেয়েটিকে ধর্ষণ করে এবং ধর্ষনের পরে তার কাছে থাকা ত্রিশ হাজার টাকা নিয়ে চলে যায়।
আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলটি আমার ইউনিয়নে পড়েছে তবে ধর্ষকরা সবাই সরই ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটি মর্মান্তিক। মেয়েটি যেন ন্যায় বিচার পায় সে দাবি করছি।এ ঘটনায় লামা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।




