
চলতি বছরের বন্যায় দেশে দুই মাসে ২৫১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেল্থ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবারের ‘প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাজনিত মৃত্যুর’ হালনাগাদ প্রতিবেদনে তারা এ তথ্য প্রকাশ করে।
তারা জানায়, ৩০ জুন থেকে ২৭ অগাস্ট পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় পানিতে ডুবে ২১০, বজ্রপাতে ১৩, সাপের দংশনে ২৫, ডায়রিয়ায় এক এবং আঘাতে দু’জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে ।
এ ছাড়া বন্যাকবলিত ৩৩ জেলায় ডায়রিয়া, চর্মরোগ, চোখের প্রদাহ, শ্বাসনালীর প্রদাহসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৩০১ জন।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার বন্যায় মৃতের সংখ্যা ৪২ জন। এর মধ্যে দুজনের বয়স ৬০ বছরের বেশি। বাকিরা সবাই শিশু এবং তাদের একজন প্রতিবন্ধী।
এবার চার দফার বন্যায় সারা দেশে ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার।
চলতি মৌসুমে ২৬ জুন প্রথম দফায় বন্যা শুরু হয়। ১০ জুলাই দ্বিতীয় দফা, ১৯ জুলাই তৃতীয় দফা এবং ১৮ অগাস্ট উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়।




