হরিরামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন উপজেলার ধুলশুড়া ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল, এক প্যাকেট নুডলস ও ১০টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, এটা ত্রাণ নয়, প্রধানমন্ত্রীর উপহার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার কারণে কেউ যেন খাবারে কষ্ট না পায়। নদীভাঙনে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের ঘর করে দেওয়ার জন্যও প্রধানমন্ত্রী
নির্দেশনা দিয়েছেন। বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী, মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, ধুলশুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জায়েদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে নদীভাঙনে বসতবাড়ি হারানো পরিবারের তালিকা তৈরির নির্দেশনা দেন ।




