কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো

কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সংক্রমণ শনাক্তের ১১২তম দিনে এসে এ রেকর্ড যোগ হলো। সর্বশেষ বৃহস্পতিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮ জনে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের। নতুন মৃত্যু হওয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ ছিলেন। রফিকুল ইসলাম বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলায় ২৪ ঘন্টায় করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন ১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭৬২ জন। শুক্রবার দুপুরে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, কিশোরগঞ্জে জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় গত ৯ এপ্রিল। এ সময়ের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার আটজন হোসেনপুর উপজেলার একজন, করিমগঞ্জ উপজেলার দুইজন, তাড়াইল উপজেলার একজন, কটিয়াদী উপজেলার একজন, কুলিয়ারচর উপজেলার তিনজন, ভৈরব উপজেলার ১৪ জন, নিকলী উপজেলার তিনজন, বাজিতপুর উপজেলার দুইজন, ইটনা উপজেলার একজন ও মিঠামইন উপজেলার একজন রয়েছেন।
জেলার ১৩ উপজেলার মধ্যে একমাত্র মিঠামইন উপজেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।




