রংপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া এফসিপিএস চিকিৎসকসহ গ্রেফতার ৭

রংপুর প্রতিনিধি : রংপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া এফসিপিএস চিকিৎসকসহ সাত জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার কোতয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া এমবিবিএস, এফসিপিএস ডাক্তার মোতালেব হোসেন রিপন, তার সহকর্মী হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল, ব্যবস্থাপক তৌফিক ইসলাম রাফি এবং ডাক্তারের পিএসকে গ্রেফতার করা হয়। তারা ডাক্তারের শিক্ষাগত সনদপত্র ও ডায়াগনস্টিক সেন্টারের রেজিস্ট্রেশনের কাগজপত্র দেখাতে পারেনি। ওই ডাক্তারের কোনও ডিগ্রি নেই, তিনি বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।এসময় দালাল এরশাদ আলী, আব্দুর রউফ রেজাউল, নয়া মিয়াকে আটক করা হয়। পরে মামলা হলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
ওসি আব্দুর রশিদ থানায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমারকে অবহিত করে মেট্রোপলিটান পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, দেশে যখন করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন ঠিক সেই মুহূর্তে একশ্রেণির অসাধু দালাল চক্র স্বাস্থ্যসেবাকে চরম হুমকির মুখে ফেলার চেষ্টা চালাচ্ছে।




